২০২৬ ফিফা বিশ্বকাপে ইরান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ জমে উঠেছে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি নিউজিল্যান্ডের জালে জড়ান। ফলে ম্যাচ ২-২ গোলে সমতায় ফিরেছে দুই দল। এর আগে প্রথমার্ধে সমতার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় গোল হজম করে ইরান। ম্যাচের সমতা ভেঙ্গে ২-১ গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় ইরানের রক্ষণ ভেঙে প্রথমে লিড নেয় নিউজিল্যান্ড। গোল হজম করার পর সমতায় ফিরতে লড়াইয়ে নামে ইরান। ম্যাচের ৩২ মিনিটের মাথায় রেজাইয়ানের গোলে সমতায় ফিরেছে তারা। এরপর বেজে উঠে বিরতির বাঁশি।
ম্যাচের বাঁশি বাজার পর গুছিয়ে ওঠার আগেই ধাক্কা খায় ইরান। ম্যাচের মাত্র ৭ মিনিটে চমৎকার দলীয় বোঝাপড়া ও সমন্বিত আক্রমণ থেকে ওশেনিয়ার প্রতিনিধি নিউজিল্যান্ডকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড এলিজা জাস্ট। তার নেওয়া দুর্দান্ত শটটি ইরানের জাল কাঁপালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর রেজাইয়ানের গোলে ১-১ সমতায় ফিরে দুই দল।
ইরান ফুটবল দলের জন্য এই ম্যাচটি কেবল ফুটবলীয় লড়াইয়ের চেয়েও অনেক বেশি কিছু। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক যুদ্ধ, ভিসা প্রাপ্তি নিয়ে তীব্র জটিলতা এবং শেষ মুহূর্তে বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ নানা নাটকীয়তার কারণে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরান।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিকে সামনে রেখে মাত্র একদিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রাখে ইরানি দল। ইরান যখন বিশ্বমঞ্চের এই ম্যাচে মাঠে নামে, তখনও গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে রাজনৈতিক স্লোগানে মুখরিত ছিল চারপাশ।

