পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল এসেছে। জনস্বার্থ বিবেচনায় তাদের নতুন কর্মস্থলে পদায়ন করে রোববার ৫ জুলাই প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ডিআইজি মো. ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের। বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে থাকা ডিআইজি আশিক সাঈদকে পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জে।
অন্যদিকে পুলিশ সদরদপ্তরে থাকা ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটনের নতুন কমিশনার করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে খুলনা রেঞ্জে।
খুলনা রেঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি মো. রেজাউল হককে এবার খুলনা শিল্পাঞ্চল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে পদায়ন করা হয়েছে ঢাকার এপিবিএনে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

