শিক্ষকরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে পেশায় যুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নায়েমের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। এ সময় নায়েমের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলোর সমাধান বিষয়ে মন্ত্রীর সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
এহসানুল হক মিলন বলেন, বর্তমান বাস্তবতায় শিক্ষাব্যবস্থা আর পুরোনো গতানুগতিক ধারায় চলতে পারে না। তাই নায়েমের বিদ্যমান দুর্বলতাগুলো যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।

