কক্সবাজারে প্রাইভেটকারে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার’ লাগিয়ে পাচারকালে ছয় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে একটি প্রাইভেটকারযোগে সংঘবদ্ধ মাদক চক্রের কয়েকজন সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে- এমন গোপন সংবাদ পায় ডিএনসি। এই তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনে নজরদারি শুরু করে।
তিনি আরও জানান, একপর্যায়ে কক্সবাজারের দিক থেকে আসা সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার নির্দেশ দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডিএনসি সদস্যরা ধাওয়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারের পর চালকসহ গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেন। তবে তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে তাদের দেওয়া পরিচয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

