২০ জুলাই ২০২৬, সোমবার, ১০:২১:৩৮ পূর্বাহ্ন
নগরী পুলিশের অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: বিপুল পরিমাণ বিভিন্ন মাদক উদ্ধার
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
নগরী পুলিশের অভিযানে ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: বিপুল পরিমাণ বিভিন্ন মাদক উদ্ধার

মাদকমুক্ত রাজশাহী নগরী গড়তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পেশাদারিত্ব ও তৎপরতার আরেকটি দৃষ্টান্ত। নগরীর বিভিন্ন থানা ও বিশেষ মাদকবিরোধী টিমের সমন্বিত ও টানা অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ও দেশীয় চোলাইমদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


১৮ জুলাই দুপুর পৌনে ২টায় কাটাখালী থানা এলাকার কুখন্ডী এলাকায় অভিযানে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিকশাসহ মোঃ সাকিব হোসেন (২৭) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়। ১৮ জুলাই সন্ধ্যা পৌনে ৭টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে কাশিয়াডাঙ্গা থানা ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযানে ১ বোতল ফেন্সিডিল, ১ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৬ হাজার ৫০ টাকা ও ১টি মাইক্রোবাসসহ  ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাদিম ওরফে ফাহিম (২৬), মো. মুরাদ (২১) ও মো. হৃদয় আলী (২)। ১৮ জুলাই রাত সোয়া ৮টায় বোয়ালিয়া থানা এলাকার কেদুর মোড় এলাকায় বোষপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ গ্রাম গাঁজাসহ মো: জনি (৩২) কে গ্রেপ্তার করা হয়। তার পিতা নওশাদ।


 ১৮ জুলাই রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার এলাকার কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ এলাকায় পুলিশ বক্সের তৎপর অভিযানে ৩৪ গ্রাম গাঁজাসহ মো: কালিমুদ্দীন (৮০) কে গ্রেপ্তার করা হয়। তার পিতা মৃত তোফেল মন্ডল। ১৮ জুলাই রাত পৌনে ১টায় রাজপাড়া থানা এলাকার লক্ষীপুর বাকির মোড়ে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের নিখুঁত অভিযানে ৬.৫ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ হাজার ৪৩০ টাকাসহ মো: সেলিম হোসেন (৫৮) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে ১০টি মাদক মামলা রয়েছে।


১৯ জুলাই সকাল ৭টায় পবা থানা এলাকার বড়গাছি পশ্চিমপাড়ায় অভিযানে ৫০ বোতলে ১২.৫ লিটার দেশীয় চোলাইমদসহ মো: লিটন আলী (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা রয়েছে। ১৯ জুলাই রাত সোয়া ১২টায় চন্দ্রিমা থানা এলাকার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: আব্দুল মতিন ওরফে বুদ্দিন (৩১) কে গ্রেপ্তার করা হয়। তার পিতা মো: মুনতাজ আলী। গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান জানান, নগরবাসীকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত একটি নিরাপদ নগরী গড়তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের সমন্বিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন