২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৩০:০১ অপরাহ্ন
রাজশাহীতে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২৬
রাজশাহীতে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুদ না করার অনুরোধ জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।


মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। সরবরাহও স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় অহেতুক আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় বা মজুদ করা হলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ জন্য নাগরিকদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।




রাজশাহী জেলা প্রশাসক কাজী মো. শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমি নাগরিকদের অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না। আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয় ভাবে তেল মজুদ করবেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।’ তিনি আরও বলেন, জেলা প্রশাসন, পুলিশ, ভোক্তা অধিকার ও জ্বালানি বিভাগ সমন্বিতভাবে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট তৈরি, মজুদদারি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন