ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবুও ম্যাচে টিকে রয়েছে টাইগাররা। দাপুটে বোলিংয়ে ৬ শিকার করেছেন পেসার শরীফুল ইসলাম। এতেই ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া, লিড ১০১ রানের।
ম্যাকাইতে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের অবিস্মরণীয় বোলিং নিয়ে কথা বলেছেন শরীফুল। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে শরীফুল ৬ উইকেট নিলেও অবশ্য সেদিন জিততে পারেনি।
সেই ম্যাচের সঙ্গে ম্যাকাইতে আজকের পারফরম্যান্স নিয়ে তুলনা প্রসঙ্গে শরীফুল বলেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। গতবার যেটা পেয়েছিলাম ওটাও ভালো লেগেছিল। সত্যি আরও ভালো লাগত যদি সেই ম্যাচটা জিততাম। আমি এখন চিন্তা করছি না যে ৫ উইকেট পেয়েছি বলে খুব খুশি। যদি ম্যাচ জিতি তবে অনেক খুশি হব।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ান কন্ডিশনে সব সময় ফাস্ট বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।’
ব্যাটিং চরম বাজে দিন যাওয়ার পরও ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। শরীফুল বলেন, ‘আমরা এখনও খেলার মধ্যে আছি। ইনশা আল্লাহ, আমরা চেষ্টা করবো দ্বিতীয় ইনিংসটি যাতে আমাদের পক্ষে থাকে। সবার সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের সঙ্গে।’

