০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৪২:৪৪ পূর্বাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে সংবাদপত্র পাঠ ও বিশ্লেষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে সংবাদপত্র পাঠ ও বিশ্লেষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "সংবাদপত্রের পরিচিতি, মৌলিক ধারণা ও কার্যকর পাঠকৌশল" শীর্ষক একটি বিশেষ কর্মশালা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জেসিএমএস ল্যাবে অনুষ্ঠিত হয় এই আয়োজন।


সংবাদপত্র পাঠের দক্ষতা বৃদ্ধি ও সংবাদ বিশ্লেষণের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে "সাংবাদিকতার মৌলিক ধারণা" ও "বাংলাদেশে গণমাধ্যম" কোর্সের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই ইন্টারঅ্যাকটিভ কর্মশালাটি পরিচালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাইন ও মোঃ জসীম উদ্দীন।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি সংবাদপত্র পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সংবাদমূল্য চিহ্নিতকরণ ও সমালোচনামূলক পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।


কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদপত্রের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা লাভ করে, সংবাদমূল্য চিহ্নিত করার কৌশল শেখে এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে সংবাদ বিশ্লেষণের পদ্ধতি রপ্ত করে। পাশাপাশি একজন সচেতন সাংবাদিক হিসেবে নিজস্ব দৃষ্টিভঙ্গি বিকাশেরও সুযোগ পায় তারা।


কর্মশালার একটি বিশেষ অংশে শিক্ষার্থীরা দলগতভাবে সরাসরি হাতে-কলমে কাজের সুযোগ পায়। জেসিএমএস বিভাগ প্রাঙ্গণে স্থাপিত স্ট্যান্ডিং সংবাদপত্র টেবিলে দলবদ্ধ হয়ে তারা সংবাদের বিভিন্ন ধরন এবং সংবাদপত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করার অনুশীলন করে, যা তাত্ত্বিক ধারণাকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে সহায়তা করে।


সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে গভীরভাবে জানার অন্যতম শক্তিশালী মাধ্যম সংবাদপত্র। তাই এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন