দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে টাইগাররা।
প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে বড় লক্ষ্য নিয়ে ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু হারের পর ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাও বড় ধাক্কা খেয়েছে। এ সুযোগে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।
বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬ থেকে কমে ৪৭.৬২ হয়েছে। অন্যদিকে ভারতের বর্তমান পয়েন্টের শতকরা হার ৫১.৫২।
এ দিকে জয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের শতকরা হার ২০.৮৩ থেকে বেড়ে ২৬.৯২ হয়েছে। তবে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানেই রয়েছে তারা। তাদের সঙ্গে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যবধানও কমেছে। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৩৩.৩৩।

