১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৬:১৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুতিরা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৬
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুতিরা

ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি রয়্যাল এয়ার ফোর্সের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। বুধবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।


ইয়াহিয়া সারি বলেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে কোনো সময় উল্লেখ করেননি তিনি।


বিবৃতির শুরুতে ইয়াহিয়া সারি দাবি করেন, চলতি সপ্তাহে এখন পর্যন্ত সৌদি রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমান ইয়েমেনে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে।


তিনি আরও দাবি করেন, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধানে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমানের দুটি বহর পাঠানো হয়েছিল। স্থানীয়ভাবে তৈরি একই ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুতিরা ওই দুটি বহরকেও প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।


এদিকে পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার অভিযোগও অস্বীকার করেছেন ইয়াহিয়া সারি।


তিনি বলেন, ‘মিথ্যা প্রচারণা ও ভিত্তিহীন দাবি কাউকেই বিভ্রান্ত করতে পারবে না।’ ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেন থেকে মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোর জন্য ‘কোনো ধরনের হুমকি নেই’।


হুতিদের সামরিক মুখপাত্রের দাবি, তাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয় এবং এসব অভিযান পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে।


মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগের প্রেক্ষাপট হিসেবে বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানায়, মঙ্গলবার হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। ড্রোনটি মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয় বলে দাবি করেছে জোটটি।


জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে মক্কা লক্ষ্য করে হামলার প্রচেষ্টা বলে দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। মক্কা ইসলামের পবিত্রতম নগরী এবং প্রতিবছর হজ পালনের প্রধান কেন্দ্র।


শেয়ার করুন