রাজশাহীর দুর্গাপুরে আবারও বড় সাফল্য পেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলাসহ একাধিক মামলার পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। ১১ নভেম্বর বুধবার দিনরাত চলে এই বিশেষ অভিযান। অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ বাক্কার আলী (৪৬), পিতা- মৃত এনায়েত মোল্লা, সাং- দেবীপুর। তিনি সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি। ২. মোঃ মামুনুর রশিদ, পিতা- মৃত আবু কলাম, গ্রাম- চুনিয়াপাড়া। গ্রেফতারি পরোয়ানা মূলে সি আর মামলা নং- ১০২৪/২৬ (বাগমারা) এর আসামি তিনি। ৩. মোঃ মোস্তাফিজুর রহমান, পিতা- মোঃ আলিমুদ্দীন মোল্লা, গ্রাম- আলীপুর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। সি আর মামলা নং- ৮১৬/২৫ (দুর্গাপুর) এর আসামি তিনি।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা বলছেন, এভাবে নিয়মিত অভিযান চললে অপরাধীরা আর পার পাবে না।

