রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এ দণ্ড দেন।
বৃহস্পতিবার পৌরসভা সংলগ্ন গোদাগাড়ী পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বিভিন্ন মেয়াদ সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মৃত আব্দুল মসজিদের ছেলে শামীম রেজাকে (৩৮) একমাস সশ্রম ও এক হাজার টাকা জরিমানা, গোদাগাড়ী পৌরসভার বুজরুকপাড়া মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে সাহেব আলি (৪০) এবং রামনগর মহল্লার কিসমত আলীর ছেলে রিপন মিয়া (৩২) তিন মাস সশ্রম ও এক হাজার টাকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুসারে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এ সময় মাদক সেবনর সময় ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে তিন মাদক সেবনকারীকে আটক করে।
ইসরাত জাহান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যাক্তি যেই হোক তাদের আটক করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

