১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ১৩ লাখ টাকা নিয়ে দুই কর্মচারীর উধাও হওয়ার অভিযোগ
রাজশাহী প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৬
রাজশাহীতে ১৩ লাখ টাকা নিয়ে দুই কর্মচারীর উধাও হওয়ার অভিযোগ

রাজশাহী নগরীতে বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা নিয়ে দুই সহোদর আত্মগোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ভাই হলেন মো. লিমন আলী ও অপূর্ব। তাঁরা নগরীর শিরোইল মঠপুকুর এলাকার ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’ প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।


প্রতিষ্ঠানটির অভিযোগ, গত রোববার (১৫ নভেম্বর) সকালে মার্কেটিংয়ের কাজের কথা বলে অফিস থেকে নগদ টাকা নিয়ে বের হন ওই দুই ভাই। এর মধ্যে লিমন আলী ৭ লাখ টাকা এবং তাঁর ভাই অপূর্ব ৫ লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া লিমন তাঁর নির্ধারিত এলাকার এজেন্টদের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা এবং অপূর্ব ৪৫ হাজার টাকা সংগ্রহ করেন।


প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে তাঁরা নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে অফিস থেকে বের হন। এরপর থেকে তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি তাঁদের কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না।


খোঁজ নিয়ে জানা গেছে, দুই ভাই নগরীর টিকাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে ওই বাসাতেও তাঁদের পাওয়া যাচ্ছে না।


এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, মার্কেটিংয়ের দায়িত্ব পালনের কথা বলে অপূর্ব অফিস ও মার্কেট থেকে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা এবং লিমন ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তাঁরা অসৎ উদ্দেশ্যে এসব টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন বলে আমাদের ধারণা। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।


তিনি আরও জানান, এ ঘটনায় বোয়ালিয়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে কাজ চলছে।’




শেয়ার করুন