২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন

চীন ও পাকিস্তানের যৌথ মহাকাশ সক্ষমতা ভারতের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর আরও বিস্তৃত নজরদারির সুযোগ তৈরি করছে। দুই দেশ এমন একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে, যার মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ চালানো সম্ভব হতে পারে। ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের সময় মহাকাশভিত্তিক নজরদারিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছিল বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।



ভারতীয় মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালে ভারতের সামরিক স্থাপনা ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় নজর রাখতে চীনের স্যাটেলাইট সক্ষমতা ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনের অনুলিপি পেয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট।


প্রতিবেদনে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ইয়াওগান-৪১-এর ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, স্যাটেলাইটটি পুরো ভারতীয় উপমহাদেশে ধারাবাহিক নজরদারি চালাতে সক্ষম। দ্বৈত ব্যবহারের উপযোগী এই স্যাটেলাইট অপারেশন সিঁদুর চলাকালে ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


চীন ও পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা একত্রে ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্তবর্তী স্থাপনা, বিমানঘাঁটি, নৌ-স্থাপনা ও কৌশলগত সম্পদের ওপর নজরদারির সুযোগ বাড়াচ্ছে। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, দুই দেশের মহাকাশ নেটওয়ার্কের সমন্বয়ের উদ্দেশ্য ভারতের কোনো অঞ্চল যেন নজরদারির বাইরে না থাকে।


চীনের সহায়তায় পাকিস্তানের ছয় স্যাটেলাইট


২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট চীনের উৎক্ষেপণকেন্দ্র থেকে দেশটির রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। এগুলো হলো পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন ১ (PRSC-EO1), পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট ২ (PRSS-2), এইচএস-১ (HS-1), PRSC-EO2 ও PRSC-EO3।


এসব স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি চীনের বিদ্যমান মহাকাশ নজরদারি নেটওয়ার্কের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে ভারতের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণের ধারাবাহিকতা বাড়ানো সম্ভব হচ্ছে।


প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহায়তায় পাকিস্তানের পাঁচটি স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে দেশটির গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও অনুসন্ধান (আইএসটিএআর) এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ পর্যবেক্ষণের সক্ষমতা বেড়েছে।


আইএসটিএআর একটি সমন্বিত সামরিক ব্যবস্থা। স্যাটেলাইট, ড্রোন, উড়োজাহাজ, রাডার, ভূমিতে স্থাপিত সেন্সর ও বিভিন্ন গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্য একত্র করে প্রতিপক্ষের কর্মকাণ্ড এবং সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় এই ব্যবস্থা।


আগে থেকেই গড়ে উঠছিল স্যাটেলাইট নেটওয়ার্ক


দিগন্তরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সহযোগিতায় পাকিস্তানের স্যাটেলাইট কার্যক্রম ২০২৫ সালের আগেই শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে PRSC-EO1, পাকস্যাট এমএম ১, আইকিউব-কিউ, PRSS-1 ও পাক টিইএস ১এ-এর মতো স্যাটেলাইট ভারতের ভূখণ্ড পর্যবেক্ষণে ভূমিকা রাখছে। এসব স্যাটেলাইট এমন কক্ষপথে স্থাপন করা হয়েছে, যাতে চীনের বিদ্যমান মহাকাশ নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।


স্যাটেলাইটগুলোর কক্ষপথ ও কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে একটি স্যাটেলাইট কোনো অঞ্চলের ওপর নজরদারি শেষ করলে অন্যটি সেই অঞ্চলে পর্যবেক্ষণ চালাতে পারে। এর ফলে নির্দিষ্ট এলাকাকে দীর্ঘ সময় ধরে নজরদারির আওতায় রাখা সম্ভব হয়।


পাকিস্তানের স্যাটেলাইটগুলো চীনের বিস্তৃত নেটওয়ার্কের পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের তথ্য সংগ্রহের ঘাটতি পূরণ করছে। কক্ষপথ নির্ধারণেও এমন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ এবং তুলনামূলক স্পষ্ট ছবি সংগ্রহ করা যায়।


ছবি সংগ্রহে পাকিস্তানের স্যাটেলাইট সক্ষমতা


পাকিস্তানের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট PRSS-1 ২০১৮ সালের জুলাইয়ে পাক টিইএস-১এ-এর সঙ্গে উৎক্ষেপণ করা হয়। এতে ইলেকট্রো-অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে প্যানক্রোম্যাটিক ও মাল্টিস্পেকট্রাল ছবি সংগ্রহ করা যায়।


প্যানক্রোম্যাটিক ছবির মাধ্যমে উপযুক্ত পরিবেশে প্রায় এক মিটার আকারের বস্তু বা ভূ-পৃষ্ঠের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব। অন্যদিকে, মাল্টিস্পেকট্রাল প্রযুক্তি তড়িৎচুম্বকীয় বর্ণালির বিভিন্ন অংশের তথ্য সংগ্রহ করে। এসব তথ্যের সাহায্যে উদ্ভিদ, ভূমির ব্যবহার, জলাশয় ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যায়।


পাকিস্তানের মহাকাশ সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, PRSS-1 পৃথিবীর যেকোনো স্থানের ছবি চার দিন পরপর ধারণ করতে পারে। অর্থাৎ, সোমবার দিল্লির ছবি ধারণ করলে প্রায় চার দিন পর আবার একই এলাকার ছবি সংগ্রহ করা সম্ভব। পৃথিবীর অন্য অঞ্চলগুলোর ক্ষেত্রেও একই সক্ষমতা রয়েছে স্যাটেলাইটটির।


এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকার ভূমি ও অবকাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। স্যাটেলাইটের ছবি গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ইসলামাবাদ ও করাচিতে দুটি গ্রাউন্ড স্টেশন রয়েছে।


২০২৪ সালে উৎক্ষেপণ করা পাকস্যাট-এমএম ১ একটি যোগাযোগ স্যাটেলাইট। চীনের সহায়তায় তৈরি এই স্যাটেলাইট পাকিস্তান ও আশপাশের অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।


এ ছাড়া PRSC-EO1 পাকিস্তানের নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট কর্মসূচির অংশ। এতে অপটিক্যাল সেন্সর ব্যবহার করে ভূ-পৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয়। পাকিস্তানের এসব স্যাটেলাইট চীনের প্রযুক্তিগত সহায়তা ও উৎক্ষেপণ সহযোগিতা পেয়েছে।


২০২২ সালে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এবং চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশনের মধ্যে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে চুক্তি হয়। চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান। চুক্তির আওতায় চীনের রকেট ও প্রযুক্তিগত সেবা ব্যবহার করে পাকিস্তানের একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিশ্চিত করা হয়।


ভূমিভিত্তিক মহাকাশ নজরদারিতেও পাকিস্তানের অংশগ্রহণ


দিগন্তরার প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক গ্রাউন্ড-বেজড স্পেস অবজারভেশন সিস্টেম (এপিওএসওএস) প্রকল্পে পাকিস্তানের ক্রমবর্ধমান অংশগ্রহণ নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে পরিচালিত বহুজাতিক এই মহাকাশ নজরদারি নেটওয়ার্কে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


প্রকল্পটির আওতায় ভূমিতে স্থাপিত অপটিক্যাল টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের বিভিন্ন বস্তু শনাক্ত ও গতিপথ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে কক্ষপথে থাকা স্যাটেলাইটও রয়েছে। প্রকল্পের প্রথম তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রের একটি পাকিস্তানে স্থাপন করা হয়েছে।


প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্রে ১৫ সেন্টিমিটার অ্যাপারচারের অপটিক্যাল টেলিস্কোপ রয়েছে। এসব কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের কেন্দ্রীয় স্থাপনায় পাঠানো হয়। অন্য দুটি পর্যবেক্ষণ কেন্দ্র পেরু ও ইরানে অবস্থিত।


এপিওএসওএসের সদস্য হওয়ার পাশাপাশি একটি পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজক হওয়ায় পাকিস্তান বিভিন্ন অঞ্চলের মহাকাশ পর্যবেক্ষণ তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভৌগোলিক সুবিধা পাচ্ছে। এসব তথ্য ব্যবহার করে কক্ষপথে থাকা বিভিন্ন স্যাটেলাইটের গতিপথ অনুসরণ করা সম্ভব, যার মধ্যে ভারতের মহাকাশ সম্পদও রয়েছে।


বিশেষজ্ঞদের মতে, চীন মহাকাশে নিজেদের সক্ষমতা ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভারতেরও মহাকাশে নজরদারি, উপস্থিতি ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা প্রয়োজন।


সূত্র: দ্য প্রিন্ট




শেয়ার করুন