২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এ তিনটি এয়ারলাইনসই এখন বন্ধ।



বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি একটি হিসাব বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে। গত আগস্ট পর্যন্ত বিবরণীটি তৈরি করা হয়েছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক।


হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এর মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।


বিমানকে বকেয়া পরিশোধের বিষয়ে চিঠি দেওয়ার তথ্য নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ সংবাদমাধ্যমকে বলেছেন, পাওনা পরিশোধে বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে।


বেসরকারি তিনটি এয়ারলাইনসের মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে। প্রতিষ্ঠানটির কাছে বেবিচকের পাওনা ৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা। আর জিএমজি এয়ারলাইনসের কাছে পাওনা ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা।


তিনটি এয়ারলাইনসের কোনোটিই এখন আর চালু নেই। ফলে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ বকেয়া আদায় নিয়ে জটিলতায় পড়েছে বেবিচক।


বেবিচকের হিসাব বিবরণীতে রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইনসের পাওনার বিষয়ে মন্তব্যের ঘরে ‘মামলাধীন (মামলা চলমান)’ উল্লেখ করা হয়েছে।


বিবরণীতে প্রতিটি এয়ারলাইনসের মূল বিলের পাশাপাশি ভ্যাট, আয়কর এবং বিলম্বে পরিশোধের জন্য আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জের হিসাব আলাদাভাবে দেখানো হয়েছে। অর্থাৎ মূল বিলের বাইরেও এসব খাতে বিপুল অর্থ বকেয়া রয়েছে।


বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১৩টি অকেজো উড়োজাহাজ পড়ে রয়েছে দেশের দুটি বিমানবন্দরে। এর মধ্যে ১২টি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 


অন্যটি কক্সবাজার বিমানবন্দরে। উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৯টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে উড়োজাহাজ রয়েছে।


ঢাকায় পড়ে থাকা ১২টি উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রোনের প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা দখল করে রেখেছে। কক্সবাজার বিমানবন্দরে পড়ে আছে ইউনাইটেড এয়ারওয়েজের এটিআর-৭২-২১২ মডেলের একটি উড়োজাহাজ।


দেশের বিমানবন্দরে পড়ে থাকা অকেজো উড়োজাহাজগুলো ২০২৪ সালের ২৬ মে বাজেয়াপ্ত করে বেবিচক। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা ১২টি অকেজো উড়োজাহাজ ভাঙারি হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বেবিচক।


বেবিচকের একটি সূত্রে জানা গেছে, সচল উড়োজাহাজ হিসেবে এগুলো কেনার উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। এ কারণে ভাঙারি (স্ক্র্যাপ) হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করার পর উড়োজাহাজগুলো দুই বছরের বেশি সময় ধরে বিমানবন্দরে পড়ে আছে।


বেবিচকের হিসাব অনুযায়ী, এসব উড়োজাহাজ সরিয়ে সেখানে ১২টি নতুন পার্কিং বে চালু করা গেলে দিনে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হবে।


২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। আর্থিক সংকট, অভ্যন্তরীণ কোন্দল ও অব্যবস্থাপনার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ করে। পরে ২০১৬ সালের ৬ মার্চ থেকে সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।


আর কোভিড-১৯ মহামারি ও তীব্র আর্থিক সংকটের কারণে ২০২০ সালের মার্চ থেকে রিজেন্ট এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। বকেয়া ঋণ ও লিজের অর্থ পরিশোধ করতে না পারায় ২০২৩ সালের ২৯ মার্চ প্রতিষ্ঠানটির মাতৃপ্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু হয়। আদালতের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মে মাসে বেবিচক রিজেন্টের পরিত্যক্ত উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে। পরে সেগুলো নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়।


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অব্যবস্থাপনা, আর্থিক সংকট ও ঋণের দায়ে ২০১২ সালের ২৮ মার্চ বন্ধ হয়ে যায় জিএমজি এয়ারলাইনস। ১৯৯৭ সালে যাত্রা শুরু করেছিল বেসরকারি এই এয়ারলাইনস।


অন্যদিকে পণ্য পরিবহনকারী উড়োজাহাজ সংস্থা অ্যাঞ্জেল এয়ারওয়েজ ২০১৬ সাল পর্যন্ত সেবা দিয়েছে।


তিনটি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও তাদের কাছে বেবিচকের বিপুল অঙ্কের পাওনা রয়ে গেছে। 


অন্যদিকে এসব প্রতিষ্ঠানের পরিত্যক্ত উড়োজাহাজ বিমানবন্দরের জায়গা দখল করে আছে। ফলে বকেয়া আদায়ের পাশাপাশি উড়োজাহাজগুলো সরানোও বেবিচকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




শেয়ার করুন