২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:৫৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৬
রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

রাজশাহীর লক্ষীপুরে চিকিৎসা নিতে আসা নারী ও তাঁর স্বজনদের মারপিট, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।


পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনের জন্য ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে তৌহিদের স্ত্রী মোছা. রূপা খাতুন (১৯), তাঁর বড় ভাই মো. রাজিব আলী (২৮) ও শাশুড়ি লক্ষীপুর এলাকার একটি ফার্মেসিতে যান। ফার্মেসিতে লোক না থাকায় তাঁরা সেখান থেকে ফিরে আসার সময় আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে মামলার এজাহারভুক্ত আসামি মো. মাসুদ রানা তাঁদের পথরোধ করেন।


অভিযোগে বলা হয়, মাসুদ রানা তাঁর পরিচিত একটি দোকান থেকে ওষুধ কেনার জন্য তাঁদের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর নির্দেশে সেখানে উপস্থিত অন্য অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালায়।


এ সময় রূপা খাতুনের ওড়না ধরে টানাটানি করে শ্লীলতাহানি করা হয় এবং তাঁর বড় ভাই রাজিব আলীকে মারপিট করে আহত করার অভিযোগ করা হয়েছে। তাঁদের রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও এলোপাতাড়ি মারপিট করা হয়। একই সঙ্গে দুই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।


চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।


পুলিশ জানায়, ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তাঁর নির্দেশনায় পুলিশ ভুক্তভোগীদের খুঁজে বের করে। পরে গত ১৯ সেপ্টেম্বর তৌহিদ রাজপাড়া থানায় লিখিত এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।


মামলা দায়েরের পরপরই পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে গতরাতে লক্ষীপুর এলাকার পুরাতন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে লাবিব সারাফাত রিদান ও হামিদুল আলম সনিকে গ্রেপ্তার করা হয়।


আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ আরও জানিয়েছে, রাজশাহীতে চিকিৎসাসেবা নিতে আসা কেউ দালাল বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হয়রানির শিকার হলে বিষয়টি পুলিশকে জানালে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন