২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২:২২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ ‘অকার্যকর সংস্থা’, এর কর্মকর্তারা ‘অহংকারী পরজীবী’: আর্জেন্টিনার প্রেসিডেন্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৬
জাতিসংঘ ‘অকার্যকর সংস্থা’, এর কর্মকর্তারা ‘অহংকারী পরজীবী’: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ এবং এর কর্মকর্তাদের ‘অহংকারী পরজীবী’ বলে আক্রমণ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন।


দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব সংস্থাটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর মাইলেই। জাতিসংঘের প্ল্যাটফর্মকে তিনি বৈশ্বিক শাসনব্যবস্থার সমালোচনার জন্যও ব্যবহার করে আসছেন।


জাতিসংঘ যৌথ নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মাইলেই। তার দাবি, এর পরিবর্তে সংস্থাটির কর্মকাণ্ডের কারণে ‘বিশৃঙ্খলা, সহিংসতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।


জাতিসংঘ সম্পর্কে মাইলেই বলেন, সংস্থাটি এখন এমন একটি ‘অকার্যকর প্রতিষ্ঠানে’ পরিণত হয়েছে, যা ‘সদিচ্ছাপূর্ণ আমলাতন্ত্রের আড়ালে থাকা চরম অহংকারী পরজীবীদের’ লালন করছে।


এ ছাড়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবির ক্ষেত্রেও জাতিসংঘ যথাযথ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন মাইলেই। ব্রিটিশ নিয়ন্ত্রিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ‘লাস মালভিনাস’ নামে উল্লেখ করে এবং নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।


মাইলেই বলেন, দ্বীপপুঞ্জ নিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব রয়েছে, যেখানে উভয় পক্ষকে একতরফাভাবে কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার অভিযোগ, যুক্তরাজ্য সেই প্রস্তাব উপেক্ষা করলেও জাতিসংঘ বিষয়টি এড়িয়ে যাচ্ছে।


ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে যুক্তরাজ্য জয়ী হয়।


মাইলেই বলেন, ‘যারা নিয়ম মেনে চলে, তারা এর জন্য কোনো পুরস্কার পায় না। আর যারা নিয়ম ভঙ্গ করে, তাদের কোনো পরিণতিও ভোগ করতে হয় না।’


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লাতিন আমেরিকান মিত্র হিসেবে পরিচিত মাইলেই ইসরায়েলেরও প্রকাশ্য সমর্থক। জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তব্যে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা এবং আর্জেন্টিনার ভূখণ্ডগত দাবির বিষয়টি গুরুত্ব পায়।


শেয়ার করুন