২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৫:২৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়া
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৬
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দীর্ঘদিনের দাবিতে এবার জোরালো সমর্থন জানাল রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সমর্থনের কথা জানান। একই সঙ্গে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর আরও স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেন তিনি।



ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বাড়ানো উচিত। এ ক্ষেত্রে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্য করার পক্ষে রাশিয়ার সমর্থনের কথা জানান তিনি।



ল্যাভরভের ভাষ্য, ‘আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। আমরা ব্রাজিল ও ভারতের স্থায়ী সদস্যপদের প্রার্থিতাকে সমর্থন করি।’



তবে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেওয়ার বিষয়ে আপত্তি জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, দেশ দুটি ‘সামরিকতাবাদ ও প্রতিশোধপরায়ণতার পথে’ এগোচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদ সংস্কারের নামে এসব দেশকে অতিরিক্ত স্থায়ী আসন দেওয়া উচিত নয়।



একই সঙ্গে ল্যাভরভ সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন বা সংস্কারের প্রক্রিয়ায় বর্তমান স্থায়ী সদস্যদের মূল ক্ষমতা ও বিশেষ অধিকার খর্ব করা উচিত নয়।



জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়াই একমাত্র সমর্থনকারী দেশ নয়। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলও ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি নিরাপত্তা পরিষদ সংস্কারে জি-৪ ও এল-৬৯-এর অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে কথা বলেন।



বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বাকি ১০টি আসনে সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন।



নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন। এ জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন দরকার। এর মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও থাকতে হবে।



ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার অবস্থান স্পষ্ট হলেও নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। জার্মানি ও জাপানসহ ভারত, ব্রাজিল নিয়ে গঠিত জি-৪ জোট নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে কাজ করছে।


শেয়ার করুন