ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ছাবিনা বেগম (৩৪) নামে এক নারীর দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী।
প্রশাসন জানায়, দন্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন। ভোটগ্রহণের শেষ দিকে ওই নারী ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে আরপিও এর ৭৪ (৫) ধারা অনুযায়ী তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী জানান, জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ওই নারীকে ২ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

