২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ১০:৫৯:১৪ অপরাহ্ন
বাস উল্টে আহত ১৫, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৬
বাস উল্টে আহত ১৫, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।


রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের মালিখিল থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের ওই বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। মহাসড়কের গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালকের অসতর্কতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।


দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।


হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর আশঙ্কাজনক অবস্থার খবর পাওয়া যায়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন