মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) ইসরায়েলের বেইত শেমেশ এলাকা পরিদর্শনে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এ কথা বলেন তিনি।
উল্লেখ্য, বেইত শেমেশ এলাকার একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ইরানি হামলায় ৯ জন নিহত হয়েছেন।
নেতানিয়াহু এনডিটিভি-কে বলেন, ‘আমি আমাদের পরম বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। গতকাল তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং ইসরায়েলের পাশে থাকা, সত্যের পক্ষে দাঁড়ানো এবং ভারতের জনগণের বিশাল বন্ধুত্বের জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘ইসরায়েলে ভারতের মানুষ অত্যন্ত প্রশংসিত এবং সমাদৃত। আমি আমাদের কথোপকথনের বিস্তারিত প্রকাশ করব না, তবে আমি তার সঙ্গে এবং এই অঞ্চলের ও বাইরের আরও অনেক নেতার সঙ্গে কথা বলেছি।’
উভয় নেতার মধ্যে চমৎকার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে বলে জানা যায়। এছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা এবং জনযোগাযোগের ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানের একটি লক্ষ্য হলো ইরানিদের জন্য তাদের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার পরিবেশ তৈরি করা। তিনি বলেন, সেই সময় ঘনিয়ে আসছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘সেই দিন ঘনিয়ে আসছে। আর যখন সেই সময় আসবে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানি জনগণের সঙ্গে থাকবে। এটি গুরুত্বপূর্ণ যে ইরানি জনগণও আমাদের সাথে থাকুক। এটি তাদের ওপর নির্ভর করছে, আমরা সেখানে থাকব।’