০৯ মার্চ ২০২৬, সোমবার, ১১:৩৯:৩৫ অপরাহ্ন
বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৬
বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

রাজশাহী, ৮ মার্চ ২০২৬: বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কর্মচারীদের পেশাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘বারিন্দ মেডিকেল স্টাফ অ্যাসোসিয়েশন (BMSA)’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, হাসপাতালের উন্নয়ন এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

সংগঠনটির উদ্দেশ্যের মধ্যে রয়েছে—হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সেবার মান উন্নয়ন, কর্মপরিবেশের সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা। পাশাপাশি হাসপাতালের স্বার্থে রাজনীতি ও প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা, কর্মচারীদের ন্যায্য বেতন-ভাতা নিয়ে আলোচনা এবং অবসরকালীন আর্থিক সুরক্ষার বিষয়গুলোও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, যেকোনো সংকটময় পরিস্থিতিতে তারা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে তারা স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মচারীদের অসুস্থতার সময় পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সংগঠনের পক্ষ থেকে মোহন আলী বলেন, “বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। এই প্রতিষ্ঠানটি আমাদের সবার প্রাণের জায়গা। হাসপাতালের উন্নয়ন ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের মূলমন্ত্র। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সেবার মান বাড়াতে কাজ করব। পাশাপাশি প্রতিটি কর্মীর মর্যাদা, ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “আমরা কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেব না। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে একটি সুন্দর কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন