২৩ মার্চ ২০২৬, সোমবার, ০৩:৩৬:৩৫ অপরাহ্ন
ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৬
ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র। সাজেক ভ্যালির সব রিসোর্ট ও কটেজ ইতোমধ্যেই বুকিং দিয়ে ভর্তি।


রোববার কাপ্তাই হ্রদে পর্যটকরা ট্যুরিস্ট বোটে ঘুরতে দেখা গেছে। বিকেলে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতু ‘সিম্বল অব রাঙামাটি’তে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পর্যটকরা সেতুর পাশে বোট ভাড়া করে নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করছেন।


পাশাপাশি সানরাইজ ইকো পার্ক, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, আসামবস্তি ব্রিজ ও আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কে পর্যটক ও স্থানীয়দের উপস্থিতি চোখে পড়েছে। নতুন আকর্ষণ ‘সওজ লেকভিউ গার্ডেন’ও প্রায় শতাধিক প্রজাতির ফুলের বাগানে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীর ভিড় জমেছে। প্রতিটি স্পটে পর্যটকের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ উপস্থিত ছিলেন।


ঢাকা থেকে আসা পর্যটক মোহাম্মদ ইব্রাহিম বলেন, এর আগে অনেকবার রাঙ্গামাটিতে এসেছি, তবে ঈদের ছুটিতে এবার প্রথম। উৎসবের আমেজে রাঙ্গামাটির সৌন্দর্য আরও মনোমুগ্ধকর।


সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, এখানে শতাধিক রিসোর্ট ও কটেজ এখন সম্পূর্ণ বুকড। রাঙ্গামাটি জেলা শহরের হোটেল-রিসোর্টগুলোর অবস্থাও একইরকম।


রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা জানান, মোটেলের ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যেই বুকিং হয়েছে। ঝুলন্ত সেতু ও সানরাইজ ইকো পার্কে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। টিকিট কাউন্টার ব্যবস্থাপক মো. সোহেল জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৪ হাজার পর্যটক ঝুলন্ত সেতুতে প্রবেশ করেছেন।


সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পন দেব বর্মন বলেন, ২৮ মার্চ পর্যন্ত সব রিসোর্ট ও কটেজের বুকিং পূর্ণ। প্রথম দিনেই প্রায় ৩–৪ হাজার পর্যটক আসছেন। যারা রুম পাননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে।


শেয়ার করুন