২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০১:৫৬:১৮ অপরাহ্ন
মেহেরপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ
  • আপডেট করা হয়েছে : ২৪-০৩-২০২৬
মেহেরপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ

মেহেরপুরের গাংনী উপজেলাতে চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।


সোমবার (২৩ মার্চ) উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইতলা পাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থনের অভিযোগ তুলে ইউপি সদস্য আব্বাস আলীর পরিবারের কাছে বিএনপি-সমর্থিত দবির উদ্দীনের গ্রুপ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর আগে গোপনে কিছু অর্থ দেওয়া হলেও পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে বিরোধের সৃষ্টি হয়।


আব্বাস আলীর অভিযোগ, সকালে দবির উদ্দীন ও তার সহযোগীরা তার বাবা-মাকে লোহার রড দিয়ে মারধর করে। গুরুতর আহত আনসার আলীকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


এ ঘটনার জেরে রাত ৮টার দিকে দবির উদ্দীন গ্রুপ এবং সাবেক ইউপি সদস্য ফরমান আলীর সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে গুরুতর আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


অভিযোগের বিষয়ে দবির উদ্দীন বলেন, পূর্বের বিরোধের জের ধরেই এই সংঘর্ষ হয়েছে। তবে সাবেক ইউপি সদস্য ফরমান আলী ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক নয়, বরং পারিবারিক বিরোধের ফল।


ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন