২৫ মার্চ ২০২৬, বুধবার, ০২:৩৪:৩৪ অপরাহ্ন
যুদ্ধ বন্ধে আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের বড় দরপতন
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
যুদ্ধ বন্ধে আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের বড় দরপতন

যুদ্ধবিরতি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। বুধবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই এ দরপতন দেখা যায়। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে দাবি করার পর বাজারে এই প্রভাব পড়ে। তবে ইরানের কর্মকর্তারা তার এ দাবি নাকচ করেছেন।


আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।


ট্রাম্প মঙ্গলবার বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে। তার দাবি, আলোচনায় যুক্ত পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া।


তবে এর আগের দিন তেহরানের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন। একই সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।


এদিকে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জড়িত রয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।


শেয়ার করুন