৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:২৫:৫১ অপরাহ্ন
রাজশাহীতে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২৬
রাজশাহীতে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। এ সময় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। 



হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জন শিশু ভর্তি আছে। গেল দুইদিনে মোট তিনজন শিশুর মৃত্যু হয়েছে এই রোগের উপসর্গ নিয়ে।


রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বলেন, “হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। এই বয়সের নিচে শিশু আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।”


রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, “জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।”


শেয়ার করুন