পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির রেশ কাটতে না কাটতেই ফের বড় ছুটির সুযোগ পাচ্ছেন কয়েকটি জেলার সরকারি চাকরিজীবীরা। চৈত্রসংক্রান্তি, বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে টানা ছয় দিনের ছুটির সমীকরণ তৈরি হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্রসংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল সোমবার তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি থাকবে। দেশের অন্য জেলাগুলোতে সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে। এর পরদিন ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মঙ্গলবারের পর বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) অফিস খোলা থাকলেও এই দুদিন ছুটি নিতে পারলেই টানা ছয় দিনের অবকাশ মিলবে। কারণ, ১৭ ও ১৮ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে পাহাড়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত লম্বা ছুটির দুয়ার খুলে যাচ্ছে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আরও তিন দিনের একটি অবকাশ ছিল।
পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের বিশেষ ছুটির ব্যবস্থা থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

