৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫০:১৮ অপরাহ্ন
২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফায় সমন্বয়ের মাধ্যমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে আন্তর্জাতিক ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।



নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।



এর আগে বুধবার (২৯ এপ্রিল) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল। ওই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। পরদিনই আবার নতুন করে দাম কমানোর ঘোষণা এলো।


চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৯ বার সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর মধ্যে ৩২ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার দাম কমানো হয়েছে। গত বছর মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধির প্রবণতা ছিল।


অন্যদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।


শেয়ার করুন