১০ মে ২০২৬, রবিবার, ১২:৪৫:০১ অপরাহ্ন
পুলিশ সপ্তাহ শুরু আজ
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৬
পুলিশ সপ্তাহ শুরু আজ

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রবিবার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। আগামী ১৩ মে পর্যন্ত উদযাপিত হবে এবারের পুলিশ সপ্তাহ। 


রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আজ সকালে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।


তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।



 

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।


এ বছরের পুলিশ সপ্তাহে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, প্রজ্ঞাপন জারি না হওয়ায় পদক প্রদান স্থগিত করা হয়েছে।


পুলিশ সপ্তাহ শেষে নতুন করে পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম। 



 

তিনি বলেন, “এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান। সেটি স্থগিত করা হয়েছে।


সূত্র জানায়, পদকের তালিকায় বিতর্কিত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম উঠে আসায় শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন কর্মকর্তা বিগত সরকারের সময় দুবার পদক লাভ করেন বলেও জানা গেছে। এসব বিষয় নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


শেয়ার করুন