ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন অনুষ্ঠানে আগামী দুই থেকে তিন দিনে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আগামী দুই থেকে তিন দিনে বিদায় ও দাফন অনুষ্ঠানে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ অংশ নেবেন বলে আমরা ধারণা করছি।’ তবে এই হিসাব কীভাবে করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মন্ত্রণালয় জানায়, প্রায় এক মাস ধরে দাফন অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চলছিল। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার আশপাশে অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। সেখানে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ রাখা হয়েছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে চিকিৎসক ও চিকিৎসাসেবা দলকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া উত্তর-মধ্যাঞ্চলের কুম এবং উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরেও খামেনির স্মরণে পৃথক দাফন ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে তেহরান সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মেট্রোতে ২২ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

