১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন
৫ মাস পর বাড়ির উঠান থেকে ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৬
৫ মাস পর বাড়ির উঠান থেকে ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

খুলনা নগরীতে নিখোঁজ হওয়ার প্রায় ৫ মাস পর এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ বাড়ির উঠানে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।



সোমবার, ১৩ জুলাই দুপুর ৩টার দিকে হরিণটানা থানার রেলব্রিজ এলাকার বুলু ওয়েল আবাসিকের মুরাদ মোল্লার বাড়ির উঠান থেকে মারুফ নামের ওই চালকের কঙ্কাল উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

গ্রেপ্তার দুজন হলেন বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফালগুনী খাতুন। হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ ও ফালগুনীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 



সোমবার সকালে ঝগড়ার এক পর্যায়ে ফালগুনী পুলিশকে জানান, প্রায় ৫ মাস আগে তাদের বাড়িতে ডেকে এনে ইজিবাইক চালক মারুফকে হত্যা করে মরদেহ উঠানে পুঁতে রাখা হয়।


হরিণটানা থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, নিহত মারুফ আসামিদের পরিচিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, গত রমজানে এক রাতে ফোন করে মারুফকে বাসায় ডাকা হয়। পরে গাড়িতে বসা অবস্থায় গলায় দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।


 এরপর রাতেই উঠানে মরদেহ পুঁতে ফেলা হয় এবং ইজিবাইকটি ভেঙে বিক্রি করে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। নিহতের প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।



শেয়ার করুন