২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৩:৫১ অপরাহ্ন
শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও মুছে ফেলার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।


প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ও অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ও বিভিন্ন পোস্ট প্রকাশ করেছিলেন। পরে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিন ও সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অ্যাডভাইজরের নির্দেশে তাদের এসব পোস্ট ও ভিডিও মুছে ফেলতে বলা হয়।


শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রকাশিত সব ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে।


দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান, ব্যানার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও পোস্ট প্রকাশ করছেন। এর মধ্যেই আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের এই নির্দেশ শিক্ষার্থী মহলে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।


শেয়ার করুন