হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো রাজশাহী জেলা পুলিশ। এতে খুশি হয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন মোবাইল ফোনের মালিকরা।
সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ জন বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিনের চেষ্টায় ফোনগুলো উদ্ধার করে।
ভিভো ১০টি, স্যামসাং ০৯টি, রিয়েলমি ০৯টি, শাওমি ০৮টি, টেকনো ০৩টি, ওপ্পো ০৩টি, ইনফিনিক্স ০২টি, আইটেল ০২টি, হনর ০২টি, ওয়ানপ্লাস ০১টি ও নোকিয়া ০১টি।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধারকৃত ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। জনগণের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এই সাফল্যের পরিধি আগামীতেও আরও বিস্তৃত হবে।”
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা রাজশাহী জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

