০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ০২:১৪:১৯ পূর্বাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে খাল খননে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৬
রাজশাহীর গোদাগাড়ীতে খাল খননে অনিয়মের অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বরাদ্দে প্রায় দেড় কিলোমিটার খাল খননের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও নিয়ম মেনে কাজ করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের দাবি, মাত্র ৮ থেকে ১০ লাখ টাকার নামমাত্র কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে।



মঙ্গলবার সকাল ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদের সামনে মান্ডইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু আওয়ামী লীগের দোসর হয়েও এখনো বহাল তবিয়তে রয়েছেন। তিনি পরিষদের সদস্যদের সঙ্গে যোগসাজশ করে ড্রেন, কালভার্ট, টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ কাজ না করেই উত্তোলন করছেন। এছাড়া প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা দেওয়ার নামেও অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ তোলেন তারা।




এলাকাবাসী আরও অভিযোগ করেন, যাদের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, তারাই উল্টো দুর্নীতিতে সহযোগিতা করছেন। আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বর্তমান ইউএনওসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন তারা। দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অপসারণ না করা হলে ইউএনও কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।




এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান টিটু। তিনি দাবি করেন, খাল খনন প্রকল্পের কাজ প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।





অন্যদিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, তিনি মাত্র দুই মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। অভিযোগগুলো তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এখন তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর এলাকাবাসীর।


শেয়ার করুন