০৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:৩৮:৫০ অপরাহ্ন
নাটোরের পরিবহন সেক্টর হবে চাঁদাবাজিমুক্ত, কঠোর হুঁশিয়ারি পুলিশ সুপারের
রাকিবুল হোসেন শাহীন, চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৬
নাটোরের পরিবহন সেক্টর হবে চাঁদাবাজিমুক্ত, কঠোর হুঁশিয়ারি পুলিশ সুপারের

চাঁদাবাজির অভিশাপ থেকে নাটোরের পরিবহন সেক্টরকে মুক্ত করতে মাঠে নেমেছে নাটোর জেলা পুলিশ। এ লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে জেলার পুলিশ সুপারের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার বিকাল ৩.টায় নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার গতিশীল ও জনবান্ধব পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সভায় নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক  বলেন, পরিবহন সেক্টরকে আমরা শতভাগ চাঁদাবাজিমুক্ত করবোই। সড়ক বা টার্মিনালে জোরপূর্বক এক টাকাও কেউ আদায় করতে পারবে না। যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় নেই। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক গড়তে জনসচেতনতাও জরুরি। নাটোরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সুপার পরিবহন সংশ্লিষ্টদের যৌক্তিক সমস্যাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। হয়রানিমুক্ত পরিবহন ব্যবস্থা ও যাত্রী সেবার মান বাড়াতে তিনি মালিক, শ্রমিকসহ সকলের আন্তরিক সহযোগিতা চান। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), নাটোর, বনপাড়া, ঝলমলিয়া, পবা ও হাইওয়ে থানার ওসিগণ, টিআই সদর ট্রাফিক, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং জেলার পরিবহন সেক্টরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিবহন নেতৃবৃন্দ পুলিশ সুপারের এই সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা চাঁদাবাজিমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়তে জেলা পুলিশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন