০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৭:১৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল

চলতি বছরের এইচএসসি-সমমান পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদনের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।


এতে বলা হয়, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিগগির প্রকাশ করা হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে।


পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ বোর্ডে জমা দেওয়ার অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে পাঠানো সোনালী সেবার রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর।


পরীক্ষার ফি ব্যাংকে জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা অ্যাকটিভ হবে। চূড়ান্ত তালিকা যাচাই করে পরীক্ষার্থীর সই নিতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধান সই করবেন।


এদিকে পরীক্ষার্থীর সইসহ একটি প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠান সংরক্ষণ করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হবে, যেন প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো পরীক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। এমন ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।


সোনালী ব্যাংকের সোনালী সেবার কপি ও পরীক্ষার্থীদের সইসহ চূড়ান্ত প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন