রাজনীতির মঞ্চে একের পর এক আক্রমণের জবাব দিয়েছেন রসিকতা দিয়ে। এবার সেই রসিকতায় যোগ দিলেন পপ তারকা শাকিরা নিজেই। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সায়েদের প্রচারণার একটি পোস্টে মন্তব্য করে আলোচনায় এসেছেন এই গায়িকা। শাকিরার মজার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।
ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের মিশিগানের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের মুসলিম পরিচয় ও শরিয়াহ আইন নিয়ে রিপাবলিকান শিবিরের একাংশ প্রচারণায় নানা অভিযোগ তোলে। এর জবাবে প্রচারণার এক পর্যায়ে ‘শাকিরা ল’ বা ‘শাকিরা আইন’ নামে মজার একটি শব্দবন্ধ ব্যবহার করেন এল-সায়েদ। এবার সেই রসিকতায় সরাসরি সাড়া দিলেন শাকিরা।
গত ১২ নভেম্বর এল-সায়েদের প্রচার দলের একটি পোস্টে মন্তব্য করেন শাকিরা। সেখানে তিনি লেখেন, ‘Finally, a law my hips can agree with! Habibi, think you can get it through Congress?’
বাংলায় যার অর্থ, ‘অবশেষে এমন একটি আইন পেলাম, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’
শাকিরার মন্তব্যে উঠে এসেছে তার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রসঙ্গ। ‘হাবিবি’ আরবি শব্দ, যার অর্থ প্রিয় বা ভালোবাসার মানুষ। মজার ছলে করা এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘শাকিরা ল’-এর পেছনের গল্পও বেশ মজার। শরিয়াহ আইন নিয়ে অভিযোগের জবাবে গত ১৪ অক্টোবর প্রকাশিত একটি প্রচারমূলক ভিডিওতে এল-সায়েদ বলেন, ‘কেউ কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। তবে শাকিরা আইন আছে, আর সেই আইনের একটাই বিধান- নিতম্ব কখনো মিথ্যা বলে না।’
মূলত শাকিরার জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর নাম ও শরিয়াহ শব্দের উচ্চারণগত মিল থেকেই এই রসিকতার জন্ম। ভিডিওতে কথাটি বলার সময় কোমর দুলিয়েও দেখান তিনি। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আবদুল এল-সায়েদ মিশিগানের একজন চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। মিসরীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৬ সালের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হন। তবে সিনেটর হিসেবে দায়িত্ব নেবেন ২০২৭ সালের জানুয়ারিতে।

