২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৬
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিক পক্ষ। ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিক পক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বিপরীতে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতেই অনড় রয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া এই বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।


জানা গেছে, পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে এই সভার আয়োজন করা হয়। আজকের আলোচ্যসূচিতে দুটি প্রধান বিষয় নির্ধারিত ছিল—প্রথমত, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে পর্যালোচনা এবং দ্বিতীয়ত, সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন।


এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। ওই বৈঠকে মালিক পক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ দেখালেও আজকের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব উপস্থাপন করে। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে যে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল, আজও তারা সেই অবস্থানেই অটল থাকে।


বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার বড় ব্যবধান থাকায় শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়। তবে উভয় পক্ষই নিজেদের প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।




শেয়ার করুন