গাজীপুর–২ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারের সময় গ্যাস বেলুন বিস্ফোরণে ১৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বাজারের মেইন রোড এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. রবিউল ইসলাম জানান, বিকেলে গাজীপুর–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচার চলছিল। সে সময় একটি ঘরের ভেতরে রাখা বেশ কয়েকটি গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ১৮ জন দগ্ধ হন এবং পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
ডা. শাওন বিন রহমান বলেন, ‘সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। এই মুহূর্তে দগ্ধের মাত্রা জানানো সম্ভব হচ্ছে না, পরে বিস্তারিত জানানো হবে’।

