২৩ মে ২০২৬, শনিবার, ১০:৩৪:১২ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমিমন্ত্রীর
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৬
রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমিমন্ত্রীর

রাজশাহীতে শিগগিরই আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 


তিনি বলেন, স্থানীয় ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।


শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



ভূমিমন্ত্রী বলেন, ‘বিশ্বের বড় বড় খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। জীবনে সফলতা অর্জনে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বজায় রাখা এবং নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই।’


তিনি আরও বলেন, ‘রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থাকায় নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুযোগ পাচ্ছেন। এখানকার শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতির মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহীর সুনাম ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’



অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, ‘সরকার কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চাকে উৎসাহিত করা হচ্ছে, যাতে খেলাধুলাকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলা যায়।’


তিনি বলেন, ‘সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা পেলে আজকের কিশোর-তরুণরাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’


শফিকুল হক মিলন আরও বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের ক্রীড়া কার্যক্রম দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলেও মন্তব্য করেন তিনি।’


অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।


শেয়ার করুন