বগুড়ার শিবগঞ্জে বাগানের লিচু খাওয়ায় এক শিশুকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, লিচু বাগানের মালিক শিশুটির গলায় কাগজে লিখে দিয়েছিলেন— “আমি লিচু চোর”। এ ঘটনায় রাতেই থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় সিহালী বাজারের মাস্টারপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে, সিহালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কাওছার (১১), পীরব বাজারের ব্যবসায়ী বদির হাজীর লিচু বাগান থেকে খাওয়ার জন্য কয়েকটি লিচু তুলে নেয়। বিষয়টি টের পেয়ে বদি হাজীর ছেলে লোটাস ও তার নাতি শোয়াইব শিশুটিকে ধরে গাছের সঙ্গে হাত-পা বেঁধে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে লিচু চুরির অভিযোগে নির্যাতন করে।
বিষয়টি শিবগঞ্জের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানার পর তার নির্দেশে রাতেই নির্যাতনকারীদের গ্রেপ্তার করে পুলিশ। শুধু আইনগত পদক্ষেপই নয়, শিশুটির পাশে মানবিকভাবেও দাঁড়িয়েছেন তিনি। পাঠিয়েছেন উন্নত মানের লিচু ও ঈদের উপহার।
আজ সকালে লিচু ও উপহার সামগ্রী নিয়ে শিশুটির বাড়িতে হাজির হন থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, আবু শাহীন, পিরব ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মিলন, জহুরুল ইসলাম, আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

