১০ জুন ২০২৬, বুধবার, ০৬:৪৯:১০ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-দর্শন অনুসারে প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই চালু করা হবে।


বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ তিনি জানান, আগামী পাঁচ বছরে এ খাতে ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থান হতে পারে।


ববি হাজ্জাজ বলেন, সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির পরিকল্পনা চলছে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করেন।


সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২৭ সালে চতুর্থ শ্রেণিতে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলামে এসব বিষয় পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।



শেয়ার করুন