০৫ জুলাই ২০২৬, রবিবার, ০২:০৭:২৫ অপরাহ্ন
করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলো ৪ নির্দেশনা
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৬
করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলো ৪ নির্দেশনা

করদাতাদের কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পরিস্থিতিতে করদাতাদের কোনোভাবেই প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে করদাতাদের জন্য চার দফা নির্দেশনাও জারি করা হয়েছে।


রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে এক শ্রেণির প্রতারকচক্র করদাতাদের কর নথি (File) অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে।



এই বিষয়ে করদাতাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে এনবিআর চার দফা নির্দেশনা দিয়েছে-




এনবিআর-এর কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।


আর্থিক লেনদেনে সতর্কতা:


কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে অথবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।


তথ্য যাচাই:


এই ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


আইনি ব্যবস্থা:


কোনো প্রতারকচক্র যদি এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করতে বলা হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন এই প্রতারকচক্রের হাত থেকে নিজের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখতে করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।


শেয়ার করুন