মহানগরীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতায় করণীয় বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
তিনি বলেন, একটি সভ্য, অমানবিকতামুক্ত এবং উন্নত সমাজের প্রধান পূর্বশর্ত হলো নারী ও শিশুর নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করা। নারী ও শিশুরা কেবল একটি পরিবারের সদস্য নয়, তারা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্ম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নারী ও শিশুসহ সব মানুষের ওপর সহিংসতা রোধ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য, দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

