১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৬:৪৮:৩১ অপরাহ্ন
ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, আট নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, আট নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় আটটি নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


রোববার (১৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেয়ার করুন