অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও ব্যাট হাতে আধিপত্য ধরে রেখেছে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দৃঢ় জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। মিরাজ ৬৫ ও তাসকিন ১২ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ১২৬তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতায় টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন মিরাজ। ১১৭ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মেরে এই মাইলফলকে পৌঁছান তিনি। ড্রেসিংরুম থেকে সতীর্থরা করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে।
দিন শুরুতে মিরাজের রান ছিল ৩২। সেখান থেকে দারুণ ধৈর্যের সঙ্গে ব্যাট করে দলকে এগিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আধিপত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
এর আগে ডারউইনের মারারা স্টেডিয়ামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। এবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি।
মিরাজের পর ১২৯তম ওভারের প্রথম বলে প্যাট কামিন্সের বাউন্সারে ব্যাট ছুঁয়ে বাউন্ডারি পান তাসকিন। তাতেই বাংলাদেশের সংগ্রহ ৪০০ ছাড়িয়ে যায় এবং লিডও পেরিয়ে যায় ২০০ রান।
পরের বলেই অবশ্য তাসকিনকে বড় সুযোগ দেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ক্যাচটি নিতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন তিনি। তবে সুযোগটি হাতছাড়া করেন স্মিথ।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে। প্রথম এক ঘণ্টার মধ্যেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। তবে এরপর মিরাজ ও তাসকিনের প্রতিরোধে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ।

