১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:৫৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৬
ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমল ক্যাটাগরি

পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার উদ্দেশ্যে ভিসা নেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারত। এর আওতায় ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। পাশাপাশি উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। আবেদন ফরমের তথ্য পূরণের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিদের জন্য ভারতের ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত করার লক্ষ্যে গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। 


পর্যটন ভিসার নাম পরিবর্তন

নতুন নিয়মে পর্যটন ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প শেখার সুযোগও রাখা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

অন্যদিকে ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। পর্বতারোহণের জন্য ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।


মেডিকেল ভিসার মেয়াদ হবে এক বছর

চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ক্ষেত্রে নতুন নিয়মে বিশেষ সুবিধা রাখা হয়েছে। প্রচলিত চিকিৎসা এবং আয়ুর্বেদ বা আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য আলাদা ভিসা থাকবে। এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণত এক বছর হবে এবং এতে একাধিকবার প্রবেশ করা যাবে।

রোগীদের সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীদের সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সহকারীরা এম-৪ ভিসার আওতায় সুবিধা পাবেন।

শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

শিক্ষার্থীদের ভিসাও পুনর্বিন্যাস করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা গ্রহণ করা যাবে। এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণায় অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থী, অতিথি শিক্ষক, ইন্টার্ন ও বিনিময় কর্মসূচির শিক্ষার্থীদের।

ভারতের ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যোগ্য বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা পেতে পারেন। এ ক্ষেত্রে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসায় পরিবর্তন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম ও ভারতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

অন্যদিকে বি-২ ভিসা স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণের মতো কাজে ব্যবহার করা যাবে।

এছাড়াও বিদেশি প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের ভারতে শিল্পকারখানা স্থাপন, যন্ত্রপাতি চালু করা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কাজে অংশ নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

১৭২টি দেশে মিলবে ই-ভিসা সুবিধা 

ভারত বর্তমানে ১৩টি উপ-বিভাগের অধীনে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা প্রক্রিয়া করে। এই সুবিধাটি ১৭২টি দেশের নাগরিকদের জন্য উপলব্ধ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ভিসা কাঠামো বাস্তবায়নের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়ম অনুযায়ী ভিসা দেওয়া শুরু হবে।

সূত্র: এনডিটিভি, দ্য প্রিন্ট



শেয়ার করুন