২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী মহানগরের তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২৬
রাজশাহী মহানগরের তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি; সামারি ট্রায়ালে তাৎক্ষণিক কারাদণ্ড

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক এক চোরকে সামারি ট্রায়ালের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টায় তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন লালন শাহের বাসার নিচতলায় কেউ না থাকার সুযোগে বোয়ালিয়া থানার জিন্নাহনগর মথুর ডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে রাহিদুল ইসলাম (৩০) বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলের ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরি করছিল।

চুরির সময় লালন শাহের স্ত্রী বাসায় ফিরে তাকে চুরি করা অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে রাহিদুল ইসলাম পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। পরে তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরিকৃত মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক রাহিদুল ইসলাম ও উদ্ধারকৃত মালামাল হেফাজতে নেয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আতা উল্লাহ মহোদয়ের আদালতে হাজির করা হয়।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করায় বিজ্ঞ আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

শেয়ার করুন