১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৬:২৮ পূর্বাহ্ন
মিনু মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৬
মিনু মন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ

উত্তরাঞ্চলের জনপ্রিয় রাজনীতিক রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন। এতে উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ। দলমত নির্বিশেষে রাজশাহীর সকল শ্রেণি পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন।


মিনু মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজশাহীর পাড়া-মহল্লায় শুরু হয় মিষ্টি বিতরণ।


রাজশাহী সিটি করপোরেশন নিয়ে গঠিত রাজশাহী-২ আসন। এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এই আসন থেকে পূর্ণমন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। তিনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী। এরপর ১৯৯১ সালে এ আসন থেকে ভূমি প্রতিমন্ত্রী হয়েছিলেন প্রয়াত কবির হোসেন। সর্বশেষ আবারও পূর্ণমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু।


বর্ষীয়ান বিএনপি নেতা মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন। এছাড়া মিনু বিএনপি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।


মন্ত্রী হওয়ার পর মিজানুর রহমান মিনু বলেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এটি পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো সবার সহযোগিতায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।


রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হয়েছেন। এতে আমরা সবাই খুশি। তিনি এমন একজন মানুষ, যার কাছে যে কোনো মানুষ সহজেই যেতে পারেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমস্যার সমাধান করার চেষ্টা করেন।


রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, মিনু ভাই আধুনিক রাজশাহীর রূপকার। তিনি নিজের সন্তানের মতো করে এই শহরকে গড়ে তুলেছেন। এই দলের জন্য তিনি নিজের সারাটা জীবন উজাড় করে দিয়েছেন। তাকে মূল্যায়ন করা হয়েছে। এজন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই।


রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এ জন্য যে দীর্ঘ দিন পর রাজশাহীতে আমরা পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। তিনি এবার আমাদের এই কৃষিভিত্তিক অঞ্চলটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস করি।


শেয়ার করুন