১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:২৮:৩০ অপরাহ্ন
তেল বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৬
তেল বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের হিলিতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম দেওয়া ও লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রির দায়ে তাদের এই জরিমানা করা হয়।


সোমবার (৯ মার্চ) বিকেলে হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী।


জানা যায়, ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্স নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করার দায়ে আরও এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।



ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রি করছেন। কিছু ক্ষেত্রে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।


জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শেয়ার করুন